নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে রাষ্ট্রপতির পরিচয়পত্র গ্রহণ
সময় সিলেট ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাসের পরিচয়পত্র গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে পিটার ডি হাসের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন— রাষ্ট্রপতি বঙ্গভবনে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপ্রধান বলেন— যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। সম্পর্কের গণ্ডি পেরিয়ে এটি এখন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র ও তাদের জনগণের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজ দেশে সসম্মানে ফিরে যেতে পারে, সে জন্য মিয়ানমার সরকারের প্রতি যুক্তরাষ্ট্রকে চাপ অব্যাহত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে টিকা প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকায় রাষ্ট্রপতি বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।
এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সংগীতও বাজানো হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




