ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ : নিহত ৩
স্টাফ রিপোর্টার

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়— ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




