রাজধানীতে জাল টাকার কারখানা : গ্রেফতার ৬
রাজধানী সংবাদদাতা

রাজধানীর ডেমরায় জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাল টাকা তৈরির সঙ্গে জড়িত সন্দেহে সেখান থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পাওয়া যায়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ইমরান হোসেন, মিলন হোসাইন, ইলিয়াস মিয়া, সবুজ আহম্মেদ, সাইফুল ইসলাম ও মো. আলিফ। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন— পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে জাল টাকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের ছয়জনকে গ্রেফতার করা হয়।
কারখানা থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটের পাশাপাশি একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, আঠা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির কাগজ ও নিরাপত্তা সুতার বান্ডিল জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




