‘র্যাবের কর্মকান্ডে অগ্রগতি দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র’
সময় সিলেট ডেস্ক

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার পর থেকে গত তিন মাসে মানবাধিকার বিষয়ে র্যাবের কর্মকান্ডে অগ্রগতি দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এ মন্তব্য করেছেন।
রবিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৮ম ‘পার্টনারশিপ ডায়ালগ’ বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ অভিমত ব্যক্ত করেন নুল্যান্ড। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন— গত তিন মাস ধরে আমরা এসব (মানবাধিকার) বিষয়ে অগ্রগতি লক্ষ্য করেছি।
এই নিষেধাজ্ঞাকে ‘জটিল ও কঠিন ইস্যু’ হিসেবে অভিহিত করে নুল্যান্ড বলেন— এই নিষেধাজ্ঞা ইস্যুটি সমাধানের লক্ষ্যে ঢাকার সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। কারণ আমাদের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন— মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনে বলেন— সংলাপকালে র্যাবের সর্বশেষ অবস্থান ও কার্যক্রম এবং নিষেধাজ্ঞা ইস্যুটি সমাধানে সরকারের কিছু পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়েছি আমরা। আমরা কয়েকটি ফরম্যাটে যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনা চালিয়ে যাব।
পররাষ্ট্র সচিব বলেন— গণতন্ত্র সমুন্নত রাখা ও মানবিক মর্যাদার অভিন্ন মূল্যবোধ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকারের পাশাপাশি জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে বহুমুখী সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে বাংলাদেশ। তিনি বলেন— শান্তি ও সমৃদ্ধির পথে যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।
সূ্ত্র: বাসস




