টাকা নিয়ে মাহফিলে না আসায় তাহেরিকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা
স্টাফ রিপোর্টার

অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়েও সিলেটের বালাগঞ্জে ওয়াজ মাহফিলে আসেননি মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। এ ঘটনায় সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয় বহুল আলোচিত-সমালোচিত এই বক্তাকে।
জানা যায়— গতকাল মঙ্গলবার উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেন স্থানীয়রা। ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গিয়াস উদ্দিন আত তাহেরিকে জানানো হয়েছিলো। এজন্য অগ্রিম ৩৩ হাজার টাকাও বিকাশে পাঠান আয়োজকরা। প্রধান অতিথি হিসেবে তাঁর ওয়াজ করার কথা ছিলো। কিন্তু সকালে তাহেরির সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে কল দিলে কেউ রিসিভ করেননি। পরে বিকেলে ওয়াজের নির্ধারিত সময় পর্যন্তও কল দিলেও কেউ রিসিভ ও কল ব্যাকও করেননি।
একপর্যায়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে টাকা নিয়ে তাহেরির না আসার বিষয়টি জানিয়ে ওয়াজে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। এ সময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহেরির বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মাইকে তাহেরিকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে, ওই ওয়াজ মাহফিলে আয়োজক কমিটির পক্ষ তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকে ভিডিওটি দেখে তাহেরির বিরুদ্ধে নানা সমালোচনা করছেন।




