সিলেটের মাঠে বাংলাদেশ-মঙ্গোলিয়ার ফুটবল ম্যাচ আজ
স্পোর্টস রিপোর্টার

আবারো সিলেটের মাঠে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন সিলেটের দর্শকরা। আজ মঙ্গলবার সিলেটের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সিলেট জেলা স্টেডিয়ামে হবে ফিফার এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।
করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে বিস্তারিত প্রস্তুতি নিয়েছে বাফুফে। রবিবার (২৭ মার্চ) দুপুরে সিলেট পৌঁছেছে মঙ্গোলিয়ার ফুটবল দল। সন্ধ্যা থেকে অনুশীলনে নামেন তারা। এর আগে শুক্রবার সিলেট পৌছে অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে ম্যাচ ও প্রস্তুতি বিষয়ে তুলে ধরে বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন— দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আশা করি সিলেটের ফুটবল প্রেমী মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে। ম্যাচ সফল করতে প্রচারণাও চলছে।
সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিয়ে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি।




