বিশ্বনাথ ফুটবল দলের সাথে পারল না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী
বিশ্বনাথ সংবাদদাতা

৫ বারের জেলা চ্যাম্পিয়ন ও সিলেটের শক্তিশালী দল ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল দল’র সাথে হেরে গেল এ সময়ের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাতে গড়া দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী, চুনারুঘাট।
শনিবার (২ এপ্রিল) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া মাঠে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ম্যাচে বিশ্বনাথ উপজেলা দলের সাথে ২-১ গোলে হারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী।
ম্যাচের শুরুতেই ব্যারিস্টার সুমনের ফ্রি-কিকে ১ গোল করে এগিয়ে গেলেও মধ্যবিরতীর পর জ্বলে উঠে বিশ্বনাথ ফুটবল দলের খোলোয়াড়রা। একে একে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় বিশ্বনাথ।
এর আগে এই প্রীতি ম্যাচ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন— জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন— সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এই ম্যাচটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন, বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব জানাইয়া।




