দেশের গণতন্ত্রের বিষয়ে ব্রিটিশ রানিকে লিখিত জানিয়েছি: ডা. জাফরুল্লাহ
অতিথি সংবাদদাতা

জুয়েল রাজ, লন্ডন (যুক্তরাজ্য) থেকে : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন— ‘বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য দায়ী ভারত। তাই আমি ব্রিটেনের রানির কাছে আবেদন জানাই, তিনি যেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কমনওয়েলথের প্রধান হিসেবে ভূমিকা রাখেন। রানি যেন ভারতকে সংযত হতে বলেন। আমি এ বিষয়ে লিখিত আবেদন জানিয়েছি।’
স্থানীয় সময় গত মঙ্গলবার (২৯ মার্চ) লন্ডনে প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ মুক্তিযুদ্ধে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতাকে সম্মান জানিয়ে তাদের সম্মান জানাতে সরকারের নিকট দাবি জানান। তিনি বলেন— ব্রিটেনপ্রবাসীরা সেই সময় ভূমিকা না রাখলে ১৯৭২ সালে বঙ্গবন্ধু জীবিত বাংলাদেশে ফিরতে পারতেন না।
ডা. জাফরুল্লাহ বলন— ‘সেই সময়ের আরেক মানুষ বিচারপতি আবু সাঈদ চৌধুরীর অবদানকে আমরা সরকারিভাবে স্মরণ করি না। তার জন্মদিন-মৃত্যুদিন পালিত হয় না। ওসমানীর ক্ষেত্রেও একই অবস্থা।’
তিনি বলেন— এক লাখ ৪৫ হাজার বাঙালি ছিলেন সেই সময়ে ব্রিটেনে। তারা সবাই সে সময় মিছিল-মিটিংয়ে সরব ছিলেন। তাদের কষ্টার্জিত বেতন মুক্তিযুদ্ধের তহবিলে জমা দিতেন। তাদের প্রত্যেককে স্বীকৃতি দেওয়া উচিত।
অন্য এক বক্তব্যে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে তিনি রেশন ব্যবস্থা চালুর দাবি জানান। তিনি বলেন— আর্মি-পুলিশকে রেশন দিতে পারলে বাংলাদেশের দুই কোটি নিম্ন আয়ের পরিবারে কেন রেশন ব্যবস্থা চালু করা যাবে না। ব্রিটেনেও রেশন ব্যবস্থা চালু ছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের আয়োজনে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০০ প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠককে দেওয়া এনআরবি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে লন্ডন সফরে এসেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।




