বড়লেখায় তীব্র যানজটেও দেখা মিলছে ট্রাফিক সার্জেন্টের
বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে তীব্র যানজটেও দেখা মিলে না ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের। প্রায় ৬ মাস আগে তিনি বড়লেখায় যোগদান করলেও শহরের ট্রাফিক জ্যাম স্পটগুলোতে তাকে দেখাই যায়নি।
রমজান মাসে পৌরশহরের যানজট অস্বাভাবিক আকার ধারণ করেছে। বিশেষ করে যত্রতত্র গাড়ি পার্কিং আর সড়কজুড়ে সিএনজি চালিত অটোরিকশার দৌরাত্মে নাকাল পথচারী, ব্যবসায়ি, ক্রেতা সাধারণ ও যানবাহন। গাড়ির জ্যামের কারণে শহরের পাখিয়ালা চৌমুহনি হতে উত্তর চৌমুহনি যেতে যেখানে পাঁচ মিনিট সময় লাগার কথা সেখানে আধঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত সময় ব্যয় হচ্ছে।
সরেজমিনে সোমবার দুপুরে বড়লেখা পৌরশহরে ব্যাপক যানজট লক্ষ্য করা গেছে। নিয়ম কানুনের তোয়াক্কা না করে চালকরা যে যার মতো ছোটবড় যানবাহন নিয়ে ছুটছে। নেই কোন শৃঙ্খলা। ফলে থমকে থাকতে হচ্ছে সব ধরণের যানবাহনকে। এ সময় দুইজন ট্রাফিক সদস্যকে জ্যাম নিরসনের চেষ্টা চালাতে দেখা গেছে।
তবে এত বেশি পরিমান যানবাহনের জটে দুই ট্রাফিক পুলিশ তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। শহরবাসী তীব্র যানজটে অতিষ্ট হলেও দেখা মিলেনি ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের। ভুক্তভোগীরা জানান— প্রতিদিনই শহরে এধরণের জ্যাম সৃষ্টি হয়। কিন্তু ১/২জন ট্রাফিক পুলিশ ছাড়া কেউই সার্জেন্টকে দেখেননি। তিনি কোথায় ডিউটি করেন, অনেকেই প্রশ্ন তুলেন।
এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান— তিনি প্রায় ৬ মাস আগে বড়লেখায় যোগদান করেছেন। তিনি দাবী করে যোগদানের পর পৌরশহরে যানজট অনেকাংশে কমেছে।




