পররাষ্ট্রমন্ত্রীর হকার্স মার্কেট পরিদর্শন : সহযোগিতার আশ্বাস
স্টাফ রিপোর্টার

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নগরীর লালদীঘির হকার্স মার্কেট পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। সোমবার বেলা ১টার দিকে তিনি সেখানে যান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সান্তনা দেন। এছাড়াও দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করার জন্য সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দেন।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন— ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। সবটুকু না হলেও যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।’
তিনি বলেন— ‘ভয়াবহ আগুন লাগার পরে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা যেভাবে তাদের জীবন বাজি রেখে কাজ করেছেন সেটি অত্যন্ত প্রশংসার দাবিদার। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আগুন লাগার খবর পেয়েই ছুটে এসে যে ভূমিকা রেখেছেন সেটি প্রশসংনীয়।’
এ সময় পাশে থাকা সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমানকে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরুপণ করার নির্দেশ প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস’সহ বিভিন্ন ধরনের গাড়ি প্রবেশের সুবিধার্থে হকার্স মার্কেটের গলিগুলো বড় করার নির্দেশন দেন মন্ত্রী।




