মৌলভীবাজারে সরকারি টিলা কেটে মাটি বিক্রি : ট্রাক জব্দ
সময় সংগ্রহ

মৌলভীবাজারের বড়লেখায় এক শ্রেণির ভূমিদস্যু বেপরোয়া হয়ে উঠেছে। চলছে টিলা কাটার উৎসব। আসাধু এই চক্রটি সড়ক ও জনপদ বিভাগের টিলা কেটে নিয়মিত মাটি বিক্রি করছে। অবশেষে সোমবার উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু অভিযানের খবর আগেভাগে ফাস হয়ে যাওয়ায় এসময় টিলা কাটার সাথে জড়িতরা পালিয়েছে।
এ সময় অবৈধভাবে মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এ ব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার ভুমির কার্যালয় সূত্রে জানা গেছে— উপজেলার সফরপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে সাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি টিলা কেটে নিজের মালিকানাধীন ট্রাক-ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন। সোমবার বিকেলে সফরপুর এলাকায় সওজ রাস্তার পাশের সরকারি টিলা কাটার সময় পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এ সময় ট্রাক মালিক সাইরুল ইসলামসহ চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অবৈধভাবে মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করে পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন ঢাকা টাইমসকে জানান— টিলা কাটার অপরাধে ট্রাক মালিক সাইরুল ইসলামের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র : ঢাকা টাইমস




