আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ড আমাকে অনুসরণ করে: রোনালদো
স্পোর্টস রিপোর্টার

৩৭ বছর বয়সে এসে একের পর এক রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস রচনা করে যাচ্ছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০২১-২২ প্রিমিয়ার লিগ মৌসুমে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করার পর ফুটবলের ইতিহাসেও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি দাবি জানিয়েছেন— তিনি রেকর্ডের পিছনে দৌঁড়ান না, রেকর্ডই তাকে অনুসরণ করে। স্বাভাবিক নিয়মেই রেকর্ড চলে আসে। আমি তাকে অনুসরণ করি না।
বিশ্ব ফুটবলের সমস্ত রেকর্ড ক্রিস্টিয়ানো রোনলদো আর লিওনেল মেসি নিজেদের মধ্যেই যেন ভাগাভাগি করে নেয়ার পণ করেছেন। ক্লাব ফুটবলে মেসির দাপট বেশি আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সবচেয়ে বেশী আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলও তার। সদ্য শেষ হওয়া মৌসুমে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও হয়ে গেছে।
৩৭ বছর বয়সেও এখনো আগের মতো গোলক্ষুধা রয়েছে রোনালদোর। সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন, সব প্রতিযোগিতা মিলে করেছেন ২৪ গোল। কিন্তু এতেও ইউনাইটেড ২০১৭ সালের পর থেকে শিরোপা খরা থেকে বেরিয়ে আসতে পারেনি। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে হবে ইউনাইটেডকে। ওল্ড ট্র্যাফোর্ডে থেকে গেলে ক্যারিয়ারে এই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না রোনালদোর। তবু ক্লাব ছাড়তে চান না এই পর্তুগীজ সুপারস্টার।
নতুন কোচ এরিক টেন হাগ তাকে রাখতে চান কিনা, তার উত্তরে কোচ জানিয়েছেন— এমন কিংবদন্তীর সাথে কাজ করার অপেক্ষায় আছেন। আগামী মৌসুমে নতুন কোচের সাথে কাজ করতে রোনালদোও যে মুখিয়ে আছেন, সেটা জানিয়েছেন ইউনাইটেডের নিজস্ব অনুষ্ঠান ‘প্লেয়ারস ডায়েরি’তে।
সেখানেই রেকর্ড নিয়ে নিজের গর্বটা এভাবে প্রকাশ করেছেন রোনালডো— ‘রেকর্ড স্বাভাবিকভাবে আসে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। এটা ভালো।’
সূত্র : বাসস




