সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৯ জনের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের শনাক্তে ডিএনএ সংগ্রহ চলছে।
এছাড়া নিহত বাকীদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। সোমবার (৬ জুন) সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ পুলিশ কর্মকর্তা, ফায়ার ফাইটার’সহ ১৪ জনকে ভর্তি করা হয়েছে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
রবিবার (৫ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ড থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাতজনকে বহনকারী সামরিক হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছায়। এদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসকর্মী।
উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানায় সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর। এরপর অ্যাম্বুলেন্সে করে আহতদের নেয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
এদিকে অগ্নিকাণ্ডের ৩৮ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা।




