১০০ রানের আগেই ৭ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
স্পোর্টস রিপোর্টার

গায়ানায় কার্টেল ওভারের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছেন বাংলাদেশি বোলাররা। মিরাজ-শরীফুলদের দুর্দান্ত বোলিংয়ে ধুঁকছে স্বাগতিকরা।
পর পর ২ বলে দুই উইকেট নেন পেসার শরীফুল। এরপর খুব দ্রুত আরও দুটি উইকেট ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। এ দুই বোলার পেস ও স্পিনজাদুতে ১০০ রান করার আগেই ৭ উইকেট হাওয়া ওয়েস্ট ইন্ডিজের।
স্পিনার নাসুমও কম যাননি। উইকেট না পেলেও কিপটে বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটারদের নাভিশ্বাসের কারণ হয়েছেন তিনি। তার নিখুঁত লাইন-লেংথে রান তোলার সুযোগই পায়নি ক্যারিবিয়ানরা। প্রথম দুই স্পেল শেষে তার বোলিং ফিগার অবিশ্বাস্য, ৬-৩-৪-০!
২৭তম ওভারে অভিষিক্ত নাসুম আহমেদ তার প্রথম ওয়ানডে উইকেটটি প্রায় পেয়েই যাচ্ছিলেন। ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরানের প্যাডে বল লাগলে আম্পায়ার আউট দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান পুরান।
তবে শেষ রক্ষা হয়নি পুরানের। পরের ওভারেই তাকে বোল্ড করে দিয়েছেন মিরাজ। ২৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত গেছেন ক্যারিবীয় এই মারকুটে ব্যাটার।
এরপর ৩১তম ওভারে সেই মিরাজের কীর্তিতে রানআউট হয়ে ফেরেন আকিল হোসেন। ১২ বলে মাত্র ৩ রান করতে পারেন আকিল। ৩১ ওভারে ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে দিশেহার ওয়েস্ট ইন্ডিজ। এমন বিপর্যয়ে দলের হাল ধরেছেন রোমারিয় শেফার্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১১০ রান।




