ঝগড়া থামাতে গিয়ে চা-শ্রমিকের মৃত্যু: ২জন গ্রেফতার
কমলগঞ্জ সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা-বাগানে দুই সহোদরের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দায়ের কুপে পার্শ্ববর্তী বাড়ির রতিরাম নায়েক (৪০) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১০ টায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ সহোদরকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়— কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা-বাগানের মা-প লাইনে দরগামা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। তাদের ঝগড়া থামাতে গেলে দরগামার হাতে থাকা দা দিয়ে রতিরাম নায়েকের মাথা ও মুখের উপর উপর্যুপোরি কুপাতে থাকলে ঘটনাস্থলেই রতিরাম নায়েকের মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত সুশীল অলমিককে আটক করে। পরদিন বৃহস্পতিবার সকালে ডবলছড়ার দুর্গম এলাকা থেকে দরগামা অলমিককে হত্যাকাণ্ডে ব্যাবহৃত দা’সহ আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনায় রতিরাম নায়েকের ভাই রাজু নায়েক বাদি হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন— লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। অভিযুক্ত দুই সহোদরকে দা সহ গ্রেফতার করা হয়েছে।




