আবাহনীকে ফুল দিয়ে অভিনন্দন জানালো বসুন্ধরা কিংস
স্পোর্টস রিপোর্টার

দুই ম্যাচ বাকি থাকতেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। বিশ্ব ফুটবলে অধিকাংশ লিগেই চ্যাম্পিয়ন দলকে পরের ম্যাচে ‘গার্ড অফ অনার’ দেয়া হয়। কিন্তু বাংলাদেশের ফুটবলে সচারচর তা দেখা যায়না।
সোমবার কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড।
লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত করা কিংসকে ‘গার্ড অফ অনার’ দেয়নি লিগে রানার আপ আবাহনী। তবে ঠিকই আবাহনীকে লিগের রানার আপ হওয়ার কারণে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে বসুন্ধরা কিংস।
ম্যাচ শুরুর আগে আবাহনী লিমিটেডের অধিনায়ক রাফায়েল অগোস্তোর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান বসুন্ধরা কিংস অধিনায়ক তৌহিদুল আলম সবুজ। এছাড়া কিংস অ্যারেনায় যাওয়ার পথে আবাহনীকে অভিনন্দন জানিয়ে ব্যানার’ও টাঙানো হয়েছে।
ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও ম্যাচ জুড়েই উত্তাপ ছড়িয়েছে। নিজেদের ঘরের মাঠে প্রথমবার আবাহনীর মুখোমুখি হয়ে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। রবসন রোবিনহোর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে অস্কার ব্রুজোনের দল। দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে নাম লেখানোর পর আবাহনীর বিপক্ষে দশমবারের দেখায় ষষ্ঠবার জয় তুলে নিল বসুন্ধরা কিংস। বাকি চার ম্যাচের দুটিতে ড্র এবং দুটিতে জয় আবাহনীর।




