প্রথমবারের মতো পাথর এলো আখাউড়া স্থলবন্দর দিয়ে
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো পাথর আমদানি হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২১টি ট্রাকে করে প্রায় ৪৫০ টন পাথর এ বন্দরে প্রবেশ করে। ভারতীয় ট্রাক পাথর নামিয়ে দিয়ে সে দেশে ফিরে যায়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন— ৩৫টি ট্রাকে করে মোট ৭০০ টন পাথর আসার কথা ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ ২১ ট্রাক পাথর প্রবেশ করে। বাকিগুলো আগামীকাল (সোমবার) আসবে।
তিনি জানান— চার লেনের আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়নে এফকন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব পাথর আমদানি করছে। সিঅ্যান্ডএফের দায়িত্বে ছিল মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। প্রথমবারের মতো এ বন্দর দিয়ে পাথর আমদানি হলো।
মূলত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি হতো। ভারতের বড় পাথর বাংলাদেশে এনে ছোট করে আবার এগুলো ভারতে পাঠানো হতো। একসময় বন্দরটি পাথর রপ্তানিমুখী হয়ে পড়ে। এমনও সময় গেছে, বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১০০ ট্রাকের মতো পাথর ভারতে প্রবেশ করত। এখন ভারতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাওয়ায় অভ্যন্তরীণভাবেই তারা পাথর সরবরাহ করতে পারে। শেষ পর্যন্ত তারা বাংলাদেশে পাথর রপ্তানি করল।
সংশ্লিষ্ট সূত্র জানায়— সরকার নির্ধারিত দাম টনপ্রতি ১৩ ডলারে পাথর বাংলাদেশে পাথর আসে। এফকন্স লিমিটেড মোট ২৭০০ টন পাথর আনার জন্য কাগজপত্র জমা দেয়। প্রতি টনে সরকার নির্ধারিত দামের ৬৯ ভাগ শুল্ক পাবে বাংলাদেশ। এ ছাড়া বন্দরে পাথর রাখাসহ আনুষাঙ্গিক কিছু অর্থও বাংলাদেশ পাবে।




