বিমানবন্দরে মাটি খুঁড়তে গিয়ে আবার মিলল বোমা
সময় সিলেট ডেস্ক :

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণাধীন অংশ থেকে সোমবার (২৭ ডিসেম্বর) আরও একটি বোমা উদ্ধার হয়েছে। এই নিয়ে একই জায়গা থেকে চারটি বোমা উদ্ধার হলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বোমাটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস বোমা। বোমার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বোমাটি নিষ্ক্রিয় করে। ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে পরে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া আগের বোমাগুলোর মতো এই বোমাও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
চলতি মাসের ৯ তারিখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল থেকে প্রথম বোমাটি উদ্ধার হয়। এরপর এমন বোমা পাওয়া যায় ১৪ ও ১৯ ডিসেম্বর।




