খাজাঞ্চী ইউনিয়ন লীগে ‘রংধনু’র জয় : সংশ্লিষ্টরা আনন্দিত-অভিনন্দিত
স্পোর্টস রিপোর্টার :

খাজাঞ্চী ইউনিয়ন টি-২০ লীগের ৫ম আসরে ‘রংধনু ক্রিকেট ক্লাব’ বিজয়ী হয়েছে। শনিবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রতিপক্ষ দল ‘নিউ স্টার ক্রিকেট ক্লাব’ কে বিশাল ব্যবধানে হারিয়ে জয় নিজেদের করে নিতে সক্ষম হয়েছে ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ইউনিয়ন লীগের এই আসরের মোস্ট ফেভারিট এই দলটি।
জানা গেছে- সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ২০২০-২০২১ সিজনের টি-২০ লীগের ৫ম আসরের গতকালের এই ম্যাচ নিয়ে ক’দিন আগ থেকেই ছিলো নানা জল্পনা-কল্পনা আর টান টান উত্তেজনা। একে তো স্থানীয় জনপদের সব’চে বড় ক্রিকেট আসর। তাছাড়া পাশাপাশি দুই ওয়ার্ডের মধ্যকার খেলা হওয়ায় দর্শক-ক্রীড়ামোদি সকলের কাছে এই ম্যাচটি ছিলো বেশ আকর্ষনীয়। একদিকে ‘নিউ স্টার ক্রিকেট ক্লাব’ (৭নং ওয়ার্ড) অপরদিকে ‘রংধনু ক্রিকেট ক্লাব’ ৫নং ওয়ার্ড)।
ইউনিয়ন টি-২০ লীগের এই ক্রিকেট ম্যাচ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের প্রমানও মিলেছে খাজাঞ্চী ভেন্যুতে। সকাল থেকেই অনেকে ভিড় জমিয়েছিলেন মাঠের চারপাশে। দর্শকের প্রাণবন্ত উপস্থিতি আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল এই প্রত্যন্ত আঞ্চলিক মাঠে যেন লড়াই করছে আন্তর্জাতিক ক্রিকেটের দুই পরাশক্তি। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকরা যেভাবে হাতে চার–ছয় লেখা প্ল্যাকার্ড, বাঁশি নিয়ে গ্যালারীতে আসে, ঠিক সেভাবেই গতকাল ঐতিহ্যবাহী খাজাঞ্চী মাঠে শত শত দর্শকের উপস্থিতি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের মতো খেলার ধারাবিবরণী দেবার ব্যবস্থাও ছিল। খেলা শুরুর আগে যেভাবে উইকেটের অবস্থার বর্ণনা দেয়া হয়, ঠিক একই আয়োজন ছিল হাই ভোল্টেজ এই ম্যাচটিতেও।
ক্রিকেট যুদ্ধের এই ম্যাচটি একেবারে আঞ্চলিক হলেও দর্শকের আনন্দ–উচ্ছ্বাস দেখে সেটি বোঝার উপায় ছিল না। উভয় দলের দর্শকরা খেলার পুরোটা সময় মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে জমিয়ে তুলেছিলেন ম্যাচটিকে। তাছাড়া ‘রংধনু ক্রিকেট ক্লাব’ ও ‘নিউ স্টার ক্রিকেট ক্লাব’ দল দু’টিতে যারা খেলেছে, তারা সবাই স্থানীয় খেলোয়াড়। কিন্তু খেলায় তারা ঠিকই চার-ছক্কায় রানের বন্যা বইয়ে দিয়েছেন। তারা যখনই চার-ছয় হাঁকিয়েছেন, উইকেট শিকার করেছেন, ভালো ফিল্ডিং কিংবা ক্রীড়ানৈপুণ্য দেখিয়েছেন, তখনই আনন্দের জোয়ার বয়ে গেছে উপস্থিত দর্শকদের মাঝে।
খেলায় ‘নিউ স্টার ক্রিকেট ক্লাব’ ১০ উইকেট হারিয়ে মোট ৮৬ রান সংগ্রহ করে, পক্ষান্তরে ‘রংধনু ক্রিকেট ক্লাব’ প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৭২ রান করে প্রতিপক্ষ দলকে বিশাল ব্যবধানে হারিয়ে আসরের প্রথম জয় নিজেদের ঘরে তুলে নেয়। তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ‘রংধনু ক্রিকেট ক্লাব’ এর নাহিদ।
খেলায় রংধনুর ক্রিকেট ক্লাব’র হয়ে উপস্থিত ছিলেন- ক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মনর, টিম ম্যানেজার আল মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ, ক্লাবের অধিনায়ক আফজল আহমেদ শিশু, সহ-অধিনায়ক আলমগীর আলী, খেলোড় আব্দুল্লাহ, তামিম, তারেক, জুনেদ, তোফায়েল, দিলোয়ার, জুয়েল, শরীফ, হেলাল, হুসাইন, মুরাদ, ইমরান, সাবেখ, জাবেদ, জুবায়ের, জাহেদ প্রমুখ।
এদিকে, স্থানীয় ক্রিকেটের সব’চে বড় আয়োজনের এবারের আসরে প্রথম জয় নিজেদের ঘরে তুলায় ‘রংধনু ক্রিকেট ক্লাব’-এর খেলোয়ার, কর্মকর্তা, দর্শক, শুভাকাঙ্ক্ষি, ফ্যান-ফলোয়ার সকলেই আনন্দিত। ফেইসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই জানিয়েছেন তাদের অনুভূতির কথা, আনন্দ-উচ্ছ্বাসের কথা।
এব্যাপারে কথা হয়েছে ‘রংধনু ক্রিকেট ক্লাব’-এর দাতা সংগঠন ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর সেলিম জে আহমেদ’র সাথে। ‘দৈনিক সময় সিলেট’-এর হয়ে তার সাথে কথা বলে জানা যায়- দলের এমন পারফর্মেন্সে আনন্দিত তিনি নিজেও।
সেলিম জে আহমেদ বলেন- আমরা মূলত ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে সমাজের গরীব, দুঃখী, এতিম, অসহায় ও নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য কাজ করি। সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে হলেও সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলোর কষ্ট লাঘব করতে চেষ্টা করি, তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে উদ্যোগী হই। কিন্তু এর বাইরে এসে একটি ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠা করা বা এর পৃষ্টপোষকতা চালিয়ে যাওয়ারও সঙ্গত কারণ রয়েছে।
তিনি জানান- খেলাধুলায় প্রতিযোগীতার মনোভাব যেমন মানুষকে দৃঢ় সংকল্প করে, তেমনি জীবন চলার পথে দেয় সহিষ্ণুতার দীক্ষা, অনমনীয় পৌরুষকে দ্বীপ্ত করে, ছিন্ন করে সংকীর্ণতার আবরণ। জয়ে-পরাজয়ে, সাফল্যে-ব্যর্থতায় মানুষ সেখানে লাভ করে সুশৃঙ্খল জীবনবোধ। খেলার মাঠও তাই মানুষের অন্তহীন সাধনার পীঠস্থান।
‘রংধনু ক্রিকেট ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম জে আহমেদ আরও বলেন- এ কথা অস্বীকার করার উপায় নেই যে, খেলাধুলা নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের অন্যতম সেরা মাধ্যম। এর মাধ্যমে সুস্থ চিন্তা চেতনার বিকাশ ঘটে। এদেশের অনেক ছেলেমেয়ে বিপথে পরিচালিত হয়, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তিনি বলেন- খেলাধুলার মতো সুস্থ বিনোদনে সম্পৃক্ত থাকলে আমাদের তরুণরা বিপথগামী হবে না। তারা ভালো কাজে মন দিতে পারবে। কারণ খেলাধুলা তরুণদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে। দেশে খেলাধুলার পরিমাণ যতো বাড়বে, বিপথগামীদের সংখ্যা ততো কমবে। তাছাড়া ভালো খেলাধুলার মাধ্যমে দেশ ও সমাজের কাছে আমাদের তরুণরা এলাকার সামাজিক, মানবিক ও মানসিক তথা পারিপার্শিক অবস্থার সুন্দর জানান দিতে পারবে। এমন চিন্তা থেকেই মূলতঃ প্রান্তিক এই ক্রীড়া সংগঠনের পৃষ্টপোষকতায় এগিয়ে আসা।
‘রংধনু ক্রিকেট ক্লাব’-এর এই বিজয়ে দলের প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তা, আয়োজক, দর্শক-সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে নিজে আনন্দিত হওয়ার কথাও প্রকাশ করেছেন স্থানীয় জনপদের এই দানশীল ব্যক্তিত্ব সেলিম জে আহমেদ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন- আমার বিশ্বাস, ‘রংধনু ক্রিকেট ক্লাব’-এর এই জয়যাত্রা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।




