বড়লেখায় পাকা ঘর পাচ্ছে আরো ৫০ আশ্রয়হীন পরিবার
বড়লেখা সংবাদদাতা :

বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্টিনন্দন পাকা ঘর পাচ্ছে আরো ৫০ আশ্রয়হীন পরিবার। আগামী ১০ জানুয়ারী উপকারভোগীদের হস্তান্তরের লক্ষ্যে দ্রুত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। ২৭ জানুয়ারী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপহারের এসব পাকা ঘরের নির্মাণ কাজ গুনগত মানসম্মত দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বড়লেখায় সরকারের ৪টি প্রকল্পের অর্থায়নে ইতিপূর্বে ২৬২ অসচ্ছল ও দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দিয়েছে উপজেলা প্রশাসন। এসব পাকা ঘরে বসবাসকারীদের মধ্যে রয়েছেন ভিক্ষুক, প্রতিবন্ধী, দিনমজুর, রিকশা চালক, স্বামী পরিত্যক্তা, বিধবা ও ঝিয়ের কাজ করা মহিলা। যারা অতীতে কখনও চিন্তাও করেননি পাকা ঘরে বসবাস করবেন।
এরপর উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি ভুমিহীন ও গৃহহীন দিনমজুর, গৃহকর্মী, প্রতিবন্ধী পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। ১০ জানুয়ারী দৃষ্টিনন্দন ঘরগুলো আশ্রয়হীনদের মাঝে হস্তান্তরের লক্ষে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সরকারের ব্যয় হচ্ছে ৮৫ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান- ইউএনও স্যারের সার্বক্ষণিক তদারকির কারণে প্রধানমন্ত্রীর উপহারের প্রত্যেকটি পাকা ঘরের নির্মাণ কাজ মানসম্পন্ন হয়েছে। সম্প্রতি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি স্যারও প্রশংসা করেছেন।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান- মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি আশ্রয়হীন পরিবার প্রতি ২ শতাংশ খাস ভুমি বন্দোবস্ত প্রদান পূর্ব্বক পাকা গৃহ নির্মাণের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হয়। ইতিমধ্যে অধিকাংশ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১০ জানুয়ারী ঘরগুলো আশ্রয়হীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।




