করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনে সক্রিয় দিরাই থানা পুলিশ
দিরাই সংবাদদাতা :

আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে জীবনের ঝুঁকি নিয়েও নিজ দায়িত্বে কঠোর হয়ে কাজ করে যাচ্ছেন দিরাই থানা পুলিশ’সহ প্রশাসনিক কর্মকর্তারা।
সোমবার (১২ জুলাই) সকালে দিরাই উপজেলার পৌরশহরস্হ বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়- সর্বত্র পিনপতন নিরবতা! মানুষের চলাচল নেই বললেই চলে। দোকানপাট সব বন্ধ রয়েছে। এমনকি একটি চা ক্যান্টিন পর্যন্তও খোলা দেখা যায়নি। সাটার বন্ধ বিভিন্ন মার্কেটের সামনে পুলিশ সদস্যরা লকডাউন বাস্তবায়নে দায়িত্ব পালন করে চলেছেন।
এ সময় আলাপকালে পুলিশ সদস্যরা জানান- সাধারণ জনগণের মাঝে করোনা আতংক নেই বললেই চলে। তারা নিজ থেকে সচেতন হচ্ছে না। প্রশাসনিক আইন কিছুটা মানলেও সাথে সাথে আবার তা লঙ্গনও করছে। অধিকাংশ মানুষ চলে মাস্ক ছাড়াই।
পুলিশ সার্জন নিকুঞ্জ নাথ বলেন- গাড়িগুলো নিয়ম ভঙ্গ করে যাত্রী টানতে দেখা যায়। আমরা প্রত্যেকটি মানুষকে বুঝানোর চেষ্টা করি, কিন্তু মানুষ তা বুঝতে নারাজ। করোনা সংক্রমণ রোধে দিরাই থানা পুলিশ সবসময়ই সাধারণ জনগনের প্রতি সজাগ রয়েছে।




