কাশ্মীরে নির্বাচনে ইমরান খানের দল জয়ী
আন্তর্জাতিক সময়

পাকিস্তান-শাসিত কাশ্মীরের আইনসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। গতকাল রোববার (২৫ জুলাই) ওই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়- নির্বাচন কমিশন প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, কাশ্মীরের ৪৫টি আসনের মধ্যে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২৫টি আসন পেয়েছে। বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১০টি আসনে জয়ী হয়েছে। আর নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৬টি আসন।
কাশ্মীরের এ অঞ্চলে ৪০ লাখের ওপর মানুষের বসবাস। পাকিস্তান ও ভারত পুরো কাশ্মীরের মালিকানাই দাবি করে আসছে। তবে দুই দেশ কাশ্মীরের আলাদা দুটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে। আলোচিত লাইন অব কন্ট্রোল (এলওসি) দিয়ে সীমানা ভাগ করা রয়েছে।
গতকালের নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চলাকালীন পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নির্বাচনের দিনও অন্তত একটি আসনে সহিংসতার ঘটনা ঘটে। রাজধানী মুজাফফরবাদ থেকে ৬২ মাইল দক্ষিণে কোটলি শহরে পিটিআই ও পিপিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়- গতকাল রোববার কাশ্মীরের লাসওয়ায় এক দুর্ঘটনায় তাদের চারজন সেনা নিহত হয়েছেন। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সেনাদের মোতায়েন করা হয়েছিল।




