অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন
স্টাফ রিপোর্টার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয়। এছাড়া এ অঞ্চলের সংকট মোকাবিলায় আসিয়ান নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
শুক্রবার ( ৬ আগস্ট) দক্ষিণ পূর্ব এশিয়ার জোট- আসিয়ান আঞ্চলিক ফোরামের ২৮তম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি।
সম্মলনে পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। উঠে আসে রোহিঙ্গা শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন, পরমাণু, সাইবার নিরাপত্তা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা। এআরএফ-এর গতিশীল নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোতে সুশাসন ও শক্তিশালী অর্থনীতির ভীত রচিত হবে বলে আশা প্রকাশ করেন আব্দুল মোমেন।
করোনা মোকাবিলায় ভ্যাকসিনকে ‘পাবলিক গুড’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন- এ প্রযুক্তি সবার মধ্যে সমভাবে বণ্টন হওয়া উচিত। সেই-সঙ্গে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন উৎপাদনের ওপরও জোর দেন তিনি।
জাতিসংঘের সদস্য হবার পর থেকে বাংলাদেশ সব সময় জাতিসংঘের নিরস্ত্রীকরণ কূটনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
পররাষ্ট্রমন্ত্রী অতীতের কথা স্মরণ করে বলেন- ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি ও অন্যান্য দলিলের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরণসহ বাংলাদেশ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে।
বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, উপ-পররাষ্ট্রমন্ত্রীসহ ২৬টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এবারের বৈঠকে অংশগ্রহণ করেন। এবারের সভায় সভাপতিত্ব করেন ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী ডাটো এরিওয়ান পেহিন ইউসুফ।
এআরএফ সদস্য দেশ অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, কোরিয়া প্রজাতন্ত্র, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দ্রুততম সময়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে একমত প্রকাশ করেন। তারা রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।




