আসছে আফগানিস্তান, খেলবে সিলেটে
স্পোর্টস রিপোর্টার

আরেকটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। আগামী বছরের ৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে আসরটি শুরু হওয়ার কথা। কিন্তু মহামারির ছোবলের কারণে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রস্তুতিটা সেরকম ভালো হয়নি। গেল মার্চে ভারতে বাতিল হয় যুবাদের সিরিজ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজও স্থগিত করতে হয়েছে।
এই অবস্থায় প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় থাকা বাংলাদেশের জন্য স্বস্তি নিয়ে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী মাসেই তাদের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। পুরো সিরিজটিই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার জানিয়েছেন- পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে ৩১ আগস্ট বাংলাদেশে আসবে আফগান যুবারা। বায়োসিকিউরড বাবলের (জৈব সুরক্ষা বলয়) মধ্যে সিলেটে হবে সিরিজটি। তিনি জানান- সিরিজ সামনে রেখে আগামী ১৬ আগস্ট থেকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে বাংলাদেশের যুবারা।
দল সিলেটে আসার আগে কোচ, ক্রিকেটার, কর্মকর্তা সবার করোনা টেস্ট করা হবে। নেগেটিভ ফলাফল এলে সবাইকে নিয়ে সিলেটে আসবেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ।
এদিকে, আফগান যুবারা ঢাকায় পৌঁছে সরাসরি সিলেটে আসবেন। এখানে তিন দিন কোয়ারেন্টিনে থাকবেন তারা। এরপর নামবেন অনুশীলনে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ সেপ্টেম্বর। এরপর ৭, ৯, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে পরের ম্যাচগুলো। চার দিনের ম্যাচটি হবে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর।




