কুলাউড়ার তিন পুলিশ কর্মকর্তা বিভাগীয় পর্যায়ে সেরা
কুলাউড়া সংবাদদাতা

সিলেট বিভাগের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন- কুলাউড়া সার্কেলের (অতিরিক্ত পুলিশ) সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ আগস্ট) ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, ওসি বিনয় ভূষণ রায় ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ সার্কেল, ওসি ও পরিদর্শক (তদন্ত) ঘোষণা করেন।
জানা যায়- বিভিন্ন সময় অপরাধ দমন, মাদক নির্মূল, আসামি গ্রেপ্তার’সহ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার উপর ভিত্তি করে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় তাদেরকে। ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) ছাড়াও অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-সেবা ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার’সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন- শ্রেষ্ঠত্বের এ অর্জন আমার ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন- আমার এই সাফল্যে কুলাউড়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের। তাদের সমন্বিত ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমার এই অর্জন।
অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর বলেন- যতদিন কুলাউড়া সার্কেলে থাকবো তত দিন কুলাউড়া-জুড়ী-বড়লেখা এ তিন থানা এলাকার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। কুলাউড়া সার্কেলে যোগদান করার পর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা’সহ সংশ্লিষ্ট থানার ওসি এবং স্থানীয়দের সহযোগিতায় তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন, তাই এ অর্জন সকলের।
উল্লেখ্য, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণ’সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৭ জুন ও ৫ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সার্কেল ও ওসি হিসাবে পুরস্কৃত করা হয়। একইসাথে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৫ আগস্ট জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন।




