মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী নামছেন রাতে
স্পোর্টস ডেস্ক

অবশেষে ফুটবল ভক্তদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। রোববার (২৯ আগস্ট) রাতেই পিএসজির হয়ে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে বর্তমান সময়ের সেরা তিন ফুটবলার মেসি-নেইমার-এমবাপ্পেকে।
পিএসজির হয়ে এতদিন নেইমার-এমবাপ্পে জুটি বিশ্ব মাতিয়েছে। একের পর এক ম্যাচে দাপট দেখিয়ে ফলাফল নিজেদের কব্জায় রেখেছে। এরপর চলতি মাসের শুরুতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নোঙর করায় প্যারিসের জায়ান্ট ক্লাবটির শক্তি আরও বেড়ে যায়।
আর তাই ত্রয়ীর একসঙ্গে খেলা দেখতে যেন তর সইছিল না সমর্থকদের। তবে তাদের এই খুশির সংবাদেও যেন কিছুটা কষ্ট লুকিয়ে আছে। কারণ এরইমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে, পিএসজি ছাড়ছেন ফরাসী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এমনকি রিয়াল মাদ্রিদে তার থিতু হওয়ার খবরও এখন ‘ওপেন সিক্রেট’।
রোববার (২৯ আগস্ট) রাতে রেইমসের মুখোমুখি হবে পিএসজি। নিশ্চিতভাবে কিছু না বললেও কোচ মরিসিও পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন এ ম্যাচেই অভিষেক হতে পারে মেসির। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় খেলাটি শুরু হবে।
গেল ১০ জুলাই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এরপর থেকেই জল্পনা, কবে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে মাঠে নামবেন লিও। আর্জেন্টাইন তারকার পিএসজিতে যোগ দেওয়ার পর, দুটি ম্যাচ খেলেছে ক্লাবটি।
ধারণা করা হচ্ছে বদলি হিসেবে হলেও আজ রাতের ম্যাচে মাঠে দেখা যাবে মেসিকে। কারণ এই ম্যাচের পরই শুরু হবে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। পিএসজির পরের ম্যাচ আগামী মাসের ১২ তারিখ। তাই এই ম্যাচেই মেসিকে মাঠে দেখার প্রবল সম্ভাবনা আছে। খেলা হবে রেইমসের মাঠে। আর মেসির অভিষেক দেখার জন্য স্টেডিয়ামের ২১ হাজার টিকিটের সবই বিক্রি হয়ে গেছে।
কোপা আমেরিকার ধকল ও অবকাশযাপন শেষে বার্সেলোনায় ফিরেছিলেন মেসি। এরপর বার্সা বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে ফিটনেসে কিছুটা ভাটা পড়েছে তার, যদিও গত কয়েক দিন পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন আর্জেন্টাইন তারকা। দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচও খেলেছেন তিনি।
তবে মেসির অভিষেক ম্যাচ দেখতে অধীর অপেক্ষায় সমর্থকরা। মেসির ট্রান্সফার নিয়ে গুঞ্জন চলার সময়েই মাঠে গড়িয়েছিল লিগ ওয়ান। থোয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে লিগ শুরু হয় পিএসজির। মেসি যোগ দেওয়ার পর স্ত্রাসবুর্গ’কে ৪-২ গোলে হারায় পিএসজি। সে ম্যাচে সমর্থকদের সামনে মেসিকে নিয়ে আসে পিএসজি।
এরপর গত ২১ আগস্ট (শনিবার) ব্রেস্তের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের তৃতীয় ম্যাচে মেসির খেলার সম্ভাবনা থাকলেও নাকচ করে দেয় ক্লাব। ওই ম্যাচে মেসিকে ছাড়াই ব্রেস্টকে ৪-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি। তবে এই ক’দিন অনুশীলনে নিজেকে মোটামুটি ফিরে পেয়েছেন আর্জেন্টাইন তারকা। সবার সঙ্গে বোঝাপড়াও হয়েছে বেশ।
গত মৌসুমে টেবিলের দুয়ে থেকে রানার্স আপ হয়েছিল পিএসজি। সেই আক্ষেপ ভুলে এবার যেন ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নয়বারের চ্যাম্পিয়নদের। ফরাসি লিগ ওয়ানে ব্রেস্টকে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পায় পচেত্তিনোর শিষ্যরা।




