বর্তমানে মামলা শূন্য নরসিংদীর বেলাব থানা
সময় সংগ্রহ

নরসিংদীর বেলাব থানায় কোনো মামলার জিডি, তদন্ত, পুলিশ ক্লিয়ারেন্স আটকে নেই। আগস্ট মাসের শেষে সব অপেক্ষমাণ তদন্ত ও মামলা নিষ্পত্তি করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়- ২০২০ সালের আগস্ট মাসে মূলতবি মামলা ছিল ৪৪টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছিল ১৫টি। ২০২১ সালের আগস্ট মাসে মূলতবি মামলা ছিল ১২টি। যার মধ্যে ১২টি মামলায় নিষ্পত্তি হয়ে হয়েছে। মামলা নিষ্পত্তির হার শতভাগ।
২০২০ সালের আগস্ট মাস শেষে মূলতবি অনুসন্ধান স্লিপের সংখ্যা ছিল ৩৩টি। ২০২১ সালের আগস্ট মাস শেষে মূলতবি অনুসন্ধান স্লিপের সংখ্যা শূন্য। ২০২০ এর আগস্ট মাস শেষে অনিষ্পত্তিকৃত পুলিশ ক্লিয়ারেন্সের সংখ্যা ছিল ১৯টি। আর ২০২১ সালের আগস্ট মাসে ৩০৪টি পুলিশ ক্লিয়ারেন্সই নিষ্পত্তি করা হয়েছে।
২০২০ সালের আগস্ট মাস শেষে মূলতবি অপমৃত্যুর মামলা ছিল পাঁচটি। ২০২১ সালের আগস্ট মাস শেষে মূলতবি অপমৃত্যু মামলার সংখ্যা শূন্য। ২০২০ সালের আগস্ট মাস শেষে পুলিশ অফিসের বিভিন্ন মূলতবি স্মারক নিষ্পত্তির সংখ্যা ছিল ৯৮টি। ২০২১ সালের আগস্ট মাস শেষে বিভিন্ন মূলতবি স্মারক নিষ্পত্তির সংখ্যা ১০১টি। অর্থাৎ সকল স্মারকই নিষ্পত্তি করা হয়েছে।
প্রায় দেড় লাখ জনগোষ্ঠীর বসবাস নরসিংদীর বেলাব থানা এলাকায়। গড়ে এই থানায় মাসে ১৫টি মামলা দায়ের হয়। সাধারণত যেসব মামলা বেশি দায়ের হয় তার মধ্যে চুরি, ডাকাতি ও নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেশি। অধিকাংশ মামলা ৩-১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। তদন্তে অহেতুক বিলম্ব হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয় সংশ্নিষ্ট কর্মকর্তাদের।
বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, অটোমেশন পদ্ধতিতে জিডির হাল নাগাদ তথ্য রাখা হয়। সিডিএমএস পদ্ধতিতে শতভাগ মামলা তদন্ত হাল নাগাদ থাকে। জিডি, মামলাসহ কোনো কিছুর তদন্ত মুলতবি নেই দেশের ইতিহাসে এমন থানা বেলাব। মামলার জট কমাতে পারলে জনগণও উপকৃত হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, ইতোমধ্যে অপেক্ষমাণ মামলার তদন্ত থানা থেকে নিষ্পত্তি করা হয়েছে। অপমৃত্যু মামলা থেকে শুরু করে কোনো কিছুই মূলতবি নেই। পুলিশ সুপার মহোদয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনায় বেলাব থানার সকল পুলিশ সদস্য কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফলে অভূতপূর্ব এ সফলতা অর্জিত হয়েছে।




