শাহজালাল বিমনিবন্দরে করোনা পরীক্ষা হতে পারে মঙ্গলবার থেকে
সময় সিলেট ডেস্ক

বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর টেস্ট চালু হতে পারে বলে আগামী মঙ্গলবার। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
রোববার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছয়টি বেসরকারি প্রতিষ্ঠান বিমানবন্দরের অভ্যন্তরে ১২টি আরটি-পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ করেছে। আরটি-পিসিআর মেশিনের সক্ষমতা যাচাইয়ে প্রাথমিকভাবে ১০০ জন কর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল সফল হয়েছে। তবে তারা কোনো যাত্রী নন। এখন শুধু স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রবাসীদের করোনা পরীক্ষার বিষয়টি লিখিতভাবে বেবিচককে জানালে এর কার্যক্রম শুরু হবে।
বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, নমুনা পরীক্ষার ফলাফল ভালো এসেছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে লিখিতভাবে জানানোর পর এয়ারলাইন্সগুলোকে জানানো হবে। তবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আরব আমিরাত আমাদের একটি শর্ত দিয়েছে। বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ এবং ৬ ঘণ্টা আগে এয়ারপোর্টের ভেতরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। বেসামরিক বিমান, প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিমানবন্দরের ভেতরে একটি ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। যেটা রোববার থেকেই টেস্ট রান দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
এর মধ্যে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ল্যাব স্থাপনের কাজ থেকে সরে এসেছে।




