সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় ৫০ হাজার টাকা জরিমানা
বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় জমি থেকে মাটি কেটে সরকারি রাস্তা ক্ষতিগস্ত করার অভিযোগে আব্দুল মুকিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আব্দুল মুকিদ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে- সরকারি রাস্তার পাশেই আব্দুল মুকিদের একটি জমি আছে। সেই জমি থেকে তিনি মাটি কেটে অন্যত্র নিচ্ছিলেন। এতে সরকারি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে রোববার সকালে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি মাটি কাটার সত্যতা পান। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল মুকিতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন বলেন- ‘যারা পাহাড়-টিলা বা সরকারি জায়গা থেকে মাটি কেটে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’




