‘আসুন, জাতিসংঘকে আমাদের আশার বাতিঘর বানাই’
সময় সিলেট ডেস্ক

পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা ও সংহতির ভিত্তিতে সদস্য দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন- ‘আসুন, জাতিসংঘকে আমাদের আশার বাতিঘর বানাই।’
জাতিসংঘের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন- প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশ জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শের প্রতি অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
তিনি বলেন- ৭৬ বছরের পথচলায় জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, নারী ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন’সহ বহু ক্ষেত্রে মানবজাতির সমৃদ্ধিতে পাশে থেকেছে। তিনি এ কথাও বলেন- ‘আমরা বিশ্বের অনেক অংশের মানুষকে মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে দেখছি। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের সংগ্রাম এবং মিয়ানমারে কয়েক দশক ধরে চলা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর উৎপীড়ন-এমন কিছু দৃষ্টান্ত।’
সরকারপ্রধান বলেন- জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ, জাতিগত ও ধর্মীয় অসহিষুষ্ণতার মতো বিশ্বে অনেক অমীমাংসিত সমস্যা এবং চ্যালেঞ্জ রয়েছে। বিশ্ব একটি অদৃশ্য, মারাত্মক মহামারির সম্মুখীন। এই মহামারিতে গত দুই বছরে লাখো মানুষের মৃত্যুর সঙ্গে জীবন ও জীবিকা ধ্বংস হয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ সনদের কালজয়ী মূল্যবোধ আমাদের (বিশ্বের) জনগণকে সেবা করার জন্য আমাদের (জাতিসংঘের) শক্তিকে ঐক্যবদ্ধ করা আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
তিনি বলেন- জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গির আলোকে রূপ লাভ করেছে। তার (বঙ্গবন্ধুর) সুদৃঢ় ঘোষণায় বাঙালি জাতি বিশ্বব্যবস্থা গড়ে তুলতে নিজেকে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ করছে, যেখানে শান্তি ও ন্যায়বিচারের জন্য সব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।
শেখ হাসিনা বলেন- তার (বঙ্গবন্ধু) আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিশ্বশান্তির জোরালো প্রবক্তা, আন্তর্জাতিক উন্নয়নে সক্রিয় অবদানকারী এবং সর্বজনীন মূল্যবোধের বিশ্বস্ত সমর্থক হিসেবে জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখেছি।
তিনি আরও বলেন- শান্তির সংস্কৃতির অন্যতম অগ্রণী প্রবক্তা বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। এ ছাড়া এসডিজি বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, জনকেন্দ্রিক উন্নয়ন উদ্যোগ জোরদার এবং স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনী সমাধানের ক্ষেত্রে আমাদের বিশাল অর্জন স্বীকৃতি পেয়েছে। ফলে কভিড-১৯ মহামারি সত্ত্বেও আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের, ২০৪১ সালের মধ্যে উন্নত এবং ২১০০ সালের মধ্যে একটি সমৃদ্ধ বদ্বীপে পরিণত হওয়ার সঠিক পথে আছি।




