কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্যা: জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক সময়

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় তীব্র ঝড়বৃষ্টির পর ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বুধবার দেশটির কেন্দ্রীয় সরকার বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রবল বৃষ্টি ও ভূমিধসে বহু সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় পার্বত্য অঞ্চলীয় বেশ কয়েকটি ছোট শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত তিন জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ একজনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও সংখ্যাটি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী মাখোঁ মেনদিচিনো জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর উপকূলের এ প্রদেশটিতে প্রায় ১৮ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন।
প্রদেশটির মুখ্যমন্ত্রী জন হোরগ্যান বলেছেন, ‘আসছে দিনগুলোতে আরও প্রাণহানির কথা নিশ্চিত করতে হবে বলে ধারণা করছি আমরা।’
প্রাকৃতিক এ দুর্যোগকে ‘৫০০ বছরের মধ্যে একবার ঘটা’ ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি।a




