খেলায় পাকিস্তানের সমর্থন করলে আইনি ব্যবস্থা :আ ক ম মোজাম্মেল হক
সময় সংগ্রহ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তান দলের সমর্থন শোভনীয় নয় উল্লেখ করে পাকিস্তান সমর্থকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে সেই দেশের পতাকা ওড়ান কিছু বাংলাদেশি দর্শক। নিজ দেশের মাটিতে হওয়া ম্যাচে অন্যদেশকে সমর্থন করে পতাকা ওড়ানোর বিষয়টি নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে খেলার সময় পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।
পাকিস্তান সমর্থনকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একজন দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে শোভনীয় মনে হবে না।
কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসময় বলেন, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল উসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর করা হয়।




