দিরাইয়ে ৩ চেয়ারম্যানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থী ও তিন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়েজুর রহমান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- দিরাই সরমঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়, জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রামিম চৌধুরী। আয়কর রিটার্ন দাখিল না করায় কৃষ্ণ কান্ত রায় ও রামিম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়ের ব্যাংক লোন খেলাপির দায়ে মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
এছাড়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় করিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সুহেদ আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আগামী ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




