অভিজিৎ হত্যা: জিয়া-আকরামের তথ্য দিলে ৫০ লাখ ডলার দেবে আমেরিকা
স্টাফ রিপোর্টার

বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাসহ নানা জঙ্গি হামলায় দণ্ডিত চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনকে ধরিয়ে দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে। এসময় তার রাফিদা বন্যা আহমেদও গুরুতর আহত হন। অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ইতোপূর্বে ‘মেজর জিয়া’ নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের নাম উঠে এসেছে বিভিন্ন অনুসন্ধানে।
জিয়াউল হক ও আকরাম হোসেন এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও।
সোমবার অভিজিৎ হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারীদের ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণাসহ একটি পোস্টার প্রকাশ করেছে আমেরিকান স্টেট ডিপার্টম্যান্ট। পরে এই পোস্টারটি সোমবার রাত ৮টার দিকে টুইটারে পোস্ট করে ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ নামে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত একটি অ্যাকাউন্ট।
পোস্টারে উল্লেখ করা হয়েছে, আল-কায়েদা ভিত্তিক সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।
আরও উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ছয় জনকে অভিযুক্ত ও দণ্ড দিয়েছেন বাংলাদেশি আদালত। তবে তাদের মধ্যে অন্যতম সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসাইন নামে দুই ব্যক্তি এখনও পলাতক রয়েছেন।
সবশেষে লেখা হয়, ‘হক ও হোসাইন কিংবা ওই হত্যায় জড়িত অন্য কারো সম্পর্কে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে তবে আমাদের কাছে বার্তা দিন।’
সিগন্যাল, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর জন্য +1-202-702-7843 নম্বর এবং @RFJ_USA নামে একটি টুইটার হ্যাণ্ডলও দেয়া হয়।




