টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারীদের হামলায় আহত ৩, আটক ১
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকারীদের হামলায় তিন জন আহত হয়েছেন।
পাখি শিকারের টেঁটাসহ এক শিকারীকে আটক করা গেলেও শিকার করা পাখি নিয়ে পালিয়ে যায় তার সহযোগিরা।
রোববার রাত আনুমানিক ৮টায় টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিল নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
আটক পাখি শিকারী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে জমির মিয়া (৩০)।
আহতরা হলেন- টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার ক্যাম্পের সহকারী (নৌকা চালক) মেহেদী হাসান শুভ (২৫), কমিউনিটি গার্ডের সদস্য হাবিবুর রহমান বাদশা (২৬), জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকা চালক মনির মিয়া (২৭)।
এদের মধ্যে নৌকা চালক মেহেদী হাসান শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকা চালক মনির মিয়া জানান, টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিলে পাখি শিকার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদকসহ ৭ থেকে ৮ জনের একটি দল নৌকা যোগে পাখি শিকার ঠেকাতে অভিযানে নামেন।তারা টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিলে গেলেই দূর থেকে পাখি শিকারীরা নৌকা থেকে কমিউনিটি গার্ডের টহলকৃত নৌকা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে কাছাকাছি গেলে, পাখি শিকারীদের হাতে থাকা পাখি শিকারে টেঁটা দিয়ে দিয়ে হামলা চালিয়ে তিনজনকে গুরুতর আহত করে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জানান, টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।




