কুলাউড়ায় জিপিএ-৫ এ সেরা বালিকা উচ্চ বিদ্যালয়
কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। অপরদিকে, ৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও দাখিলে ৬টি মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।
কুলাউড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান- এ বছর এসএসসিতে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ হাজার ২৪৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৮১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। পাসের হার ৯৬.৮৯ শতাংশ। অপরদিকে, দাখিলে ১৭টি মাদরাসা থেকে ৮৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৩১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯৫.৫২ শতাংশ। এছাড়া ভোকেশনালে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩৩১ জন। পাসের হার ৯৫.৭৯ শতাংশ।
এদিকে, উপজেলা পর্যায়ে এসএসসিতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান ও আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে শতভাগ সাফল্য অর্জন করেছে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, লংলা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৩টি প্রতিষ্ঠান।
এছাড়া মাদরাসা পর্যায়ে দাখিলে শতভাগ সাফল্য অর্জন করেছে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসা, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া আলীম মাদরাসা, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসা, ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদরাসা, ভূকশিমইল আলিম মাদরাসা ও বরমচাল হজরত খন্দকার দাখিল মাদরাসাসহ ৬ প্রতিষ্ঠান।




