বিশ্বনাথে দুই ইউপি নির্বাচনে ১২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার

৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২৩জন প্রার্থী। এর মধ্যে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন, সদস্য পদে ৮৬জন ও সংরক্ষিত সদস্য পদে ২৫জন মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার।
তিনি জানান, ৩ জানুয়ারী ছিল ওই দুই ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। দুই ইউনিয়নে তিন পদে ১২৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফয়সল আহমদ ও বর্তমান চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র বহিস্কৃত নেতা কবির হোসেন ধলা মিয়া।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আরশ আলী, বর্তমান চেয়াম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার মো. গিয়াসউদ্দিন, সাবেক উপজেলা বিএনপি নেতা শরীফ আহমদ রাজু ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম. কয়েছ মিয়া।




