ঢাকার বিপক্ষে পারলেও চট্টগ্রামের বিপক্ষে পারল না খুলনা
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে চট্টগ্রাম। জবাবে খুলনা ৯ উইকেট হারিয়ে পুরো ২০ ওভার খেলে ১৬৫ রানে থামে।
খুলনাকে হারানোর মাধ্যমে বিপিএলে টানা দুই ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম। এর আগে শনিবার মিনিস্টার ঢাকার বিপক্ষে জয় পায় তারা।
খুলনার বিপক্ষে সোমবার ১৯০ রান তোলার মাধ্যমে এবারের আসরে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছে চট্টগ্রাম।
এর আগে দলীয় সর্বোচ্চ রান করার কীর্তিটা ছিল খুলনা টাইগার্সের দখলে। তারা গত শুক্রবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা টপকে গিয়ে ১৮৬ রান করে থামে।
তবে শনিবার ঢাকার বিপক্ষে বিশাল রান তাড়া করে জিতলেও। সোমবার চট্টগ্রামের বিপক্ষে সুবিধা করতে পারেনি তারা।
যদিও খুলনা পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেছিল। কিন্তু চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি মুশফিকুরে রহিমের খুলনা।
খুলনার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ইয়াসির আলী। এই রান করতে তিনি খেলেন ২৬টি বল। ২৪ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন মেহেদি হাসান।
খুলনা অবশ্য নিজেদের ইনিংসের প্রায় শুরুতেই ধাক্কা খায়। সপ্তম ওভারের সময় পেসার রেজাউর রহমান রাজার বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ফ্লেচারকে। ওই সময় ফ্লেচারের শারীরিক অবস্থা ভালো না থাকায় স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেয়া হয় তাকে।
চট্টগ্রামের হয়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন শরিফুল ইসলাম, মেহেদি হাসান ও রেজাউর রহমান রাজা। তারা সবাই দুইটি করে উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন বেনি হাওয়েল। তিনি ২০ বলে এ রান করেন।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। তিনি ৩৩ বল খেলে ৩২ রান করেন। বল হাতে খুলনার হয়ে সবচেয়ে উজ্জল ছিলেন কামরুল ইসলাম রাব্বি। তিনি ৩৫ রান খরচায় দুইটি উইকেট পান।




