আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলেছে : ক্লাস করছে মেয়েরাও
আন্তর্জাতিক সময়

তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথম আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলেছে। মেয়ে শিক্ষার্থীরাও ক্লাস করছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) কেবলমাত্র দেশটির উষ্ণতম প্রদেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে- আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে রাজধানী কাবুলসহ শীতপ্রবণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয় পুনরায় চালুর কথা রয়েছে।
এদিকে পুরুষ শিক্ষার্থীদের থেকে আলাদা থাকার শর্তে নারীদের ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনামলের সময় নারী ও মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করেছিল তালেবান। তবে গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানে আবারও ক্ষমতা দখল করার পর তালেবান জানিয়েছে- তারা পাল্টে গেছেন। তবে এরপরও তাদের নিজেদের পরিকল্পনায় অটল থাকতে দেখা যায়। অনেক প্রদেশের মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও অনেকগুলোতেই নারী শিক্ষার্থীরা ফিরতে পারেননি। সূত্র: রয়টার্স, এনডিটিভি




