মুসকানের হাতে পৌঁছল মাহমুদ মাদানীর পুরস্কারের ৫ লাখ রুপি
আন্তর্জাতিক সময়

ভারতের কর্নাটকের কলেজছাত্রী মুসকান খানের সাহসীকতায় মুগ্ধ হয়ে তাৎক্ষণিক ৫ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।
বুধবার সন্ধ্যায় ওই তরুণীর হাতে সাইয়েদ মাহমুদ আসআদ মাদানীর পুরস্কারের পাঁচ লাখ রুপি তুলে দেয়া হয় বলে জমিয়তে উলামায়ে হিন্দ সূত্রে জানা গেছে।
জমিয়ত উলামা কর্ণাটকের সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন কাসমী সূত্রে জানা গেছে- মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানীর নির্দেশে মাওলানা মুফতি ইফতিখার আহমদ কাসেমীর একটি প্রতিনিধি দল জমিয়ত উলামায়ে হিন্দ ঘোষিত ৫ লাখ টাকার চেক মুসকানের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন জমিয়ত উলেমা কর্ণাটকের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম।
গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সেই সময় কলেজ প্রশাসন জানায়- ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।
পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবি তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।




