যুক্তরাজ্যগামী একটি বিমানে নারীকে ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক সময়

যুক্তরাজ্যগামী একটি বিমানে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এক বিবৃতিতে লন্ডন পুলিশ বলেছে- গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়। এরপর কর্তব্যরত পুলিশ সদস্যরা বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে (৪০) গ্রেফতার করে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ আরও বলেছে- অভিযোগকারী নারীকে (৪০) বিশেষজ্ঞ কর্মকর্তারা সহযোগিতা করছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন- বিষয়টি অবগত হওয়ার পর বিমানের ক্রুরা ওই নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। এ ছাড়া সঙ্গে সঙ্গে অভিযোগের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
তিনি আরও বলেছেন- মামলা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।




