সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
সময় সিলেট ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারকাজে যথেষ্ট দেরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন- দ্রুত এই হত্যার বিচার নিশ্চিত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালত র্যাবকে দায়িত্ব দিয়েছেন। র্যাব এ বিষয়ে কাজ করছে। যাতে দ্রুত এটার ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য তিনি সচেষ্ট থাকবেন।
রবিবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কাজ করছে। আশা করি, শিগগির ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল, এগুলো বের করা সম্ভব হবে। এ জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন- ঘটনাটি তার নির্বাচনী এলাকায় ঘটেছিল। খবর জানার পর তিনি সেখানে গিয়েছিলেন। রহস্য উদ্ঘাটনে যথেষ্ট দেরি হয়ে গেছে বলে তিনি মনে করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারওয়ার ওরফে সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন।
ওই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন- ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে ১০ বছর পরও হত্যার রহস্য ভেদ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংস্থাই। বর্তমানে মামলাটির তদন্ত করছে র্যাব। এখন পর্যন্ত আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। এত সময়ে মামলার বিচারই শুরু করা যায়নি। যদিও এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন তাদের সহকর্মীরা।




