মাধবকুণ্ড ইকোপার্কে খাদ্য ও প্লাস্টিকদ্রব্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সময় সিলেট ডেস্ক

দেশের সর্ববৃহৎ প্রাকৃতির জলপ্রপাত ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্কের পরিচ্ছন্নতা রক্ষায় প্রধান ফটকের ভেতরে পর্যটকদের সবধরণের খাদ্যদ্রব্য ও প্লাস্টিকদ্রব্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বড়লেখা উপজেলা প্রশাসন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত নির্দেশনার সাইনবোর্ড স্থাপন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
জানা গেছে— মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকরা প্রধান ফটকের ভেতরে বিভিন্ন খাদ্যদ্রব্য ও খাবার মোড়ানো প্লাস্টিক দ্রব্য নিয়ে প্রবেশ করেন। পরে খাবার শেষে তারা অবশিষ্ট খাদ্যসামগ্রি, প্লাস্টিক দ্রব্য পলিথিন ব্যাগ যাতায়াত রাস্তা ও দৃষ্টিনন্দন স্থানে যত্রতত্র ফেলে দেন। এতে পর্যটন এলাকা ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়। এগুলো পঁচে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার বাতাস দূষিত করে। মারাত্মক দুর্ভোগে পড়েন স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও আগত প্রকৃতিপ্রেমিরা। পরিবেশ দূষনের বিষয়টি নজরে নিয়ে উপজেলা প্রশাসন ইকোপার্কের প্রধান ফটকের ভেতর সবধরণের খাবার, পলিথিন ব্যাগ ও প্লাস্টিক দ্রব্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ও জনসচেতনতামুলক সাইনবোর্ড স্থাপন করেন— পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এ সময় বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারি বিভাগীয় বন সংরক্ষক এসএম আবু বক্কর সিদ্দিক, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




