ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা ২৯ বাংলাদেশী নাবিক
সময় সিলেট ডেস্ক

বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে আটকা পড়েছে। বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে ২৯ জন বাংলাদেশী নাবিকসহ জাহাজটি আটকা রয়েছে। বন্দর এলাকায় রাশিয়া মাইন পুঁতে রাখায় জাহাজটি বের করা যাচ্ছে না। এর আগে রাশিয়া-ইউক্রেনে পণ্য নিয়ে ইউক্রেনে যায় বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’।
এর মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ২২শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরে আটকা পড়ে নাবিকসহ জাহাজটি। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির মধ্যে চরম আতঙ্কে দিন পার করছেন নাবিকরা। সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসসি’র প্রতি আকুতি জানিয়েছেন আটকে পড়া নাবিকেরা। গতকাল দুপুরে জাহাজটিতে থাকা নাবিকদের একজন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গণমাধ্যমকে নিজেদের আটকে পড়ার বিষয়টি জানান।
বিএসসি’র নির্বাহী পরিচালক পিযুষ দত্ত গণমাধ্যমকে বলেন— গত ২১শে ফ্রেব্রুয়ারি বাংলার সমৃদ্ধি নামের জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের আউটারে পৌঁছে। পরদিন ২২শে ফেব্রুয়ারি জাহাজটি বন্দরের জেটিতে ঢোকে। ওই বন্দর থেকে কিছু পণ্য লোড করার কথা ছিল। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে পণ্য লোড না করেই জাহাজটিকে ফিরে আসতে বলা হয়েছিল। কিন্তু স্থানীয় বন্দরের পাইলট না পাওয়ায় জাহাজটি জেটি ত্যাগ করতে পারেনি। এরইমধ্যে ২৩শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়ে যায়। ফলে নাবিকসহ জাহাজটি আটকে পড়েছে।
তিনি বলেন— ‘ইউক্রেনে বন্দরের প্রবেশমুখে মাইন পুঁতে রাখা হয়েছে বলে আমরাও ধারণা করছি। তাই আপাতত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’




