নাবিকদের নিরাপদে ফেরার ছবি ফেসবুকে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সময় সিলেট ডেস্ক

ইউক্রেনে গোলাবর্ষণের শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাগরিককে নিরাপদে ফেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত প্রায় ১০টার দিকে ফেসবুকে নিজের প্রোফাইল থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়ার চারটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন— ‘নাবিকেরা আপাতত নিরাপদে।’
এর আগে এক ভিডিও বার্তায় তিনি জানান— পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানিয়েছেন বাংলাদেশের ২৮ নাগরিককে সেফ জোনে নেয়া হয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রী নিহত হাদিসুর রহমানের বিষয়ে জানান— হাদিসুরের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের বন্দরে আটকা পড়ে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। রাশিয়ার সাঁড়াশি হামলার মুখে জাহাজটি সরিয়ে নেয়া সম্ভব হয়নি। এর মধ্যে গত বুধবার জাহাজে মিসাইল আঘাত করে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।
জাহাজে মিসাইল হামলার পর ঢাকাস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে নিহত হাসিদুর রহমানের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।




