মিঠুনকে দ. আফ্রিকা সফরে নেওয়ায় ক্ষেপেছেন কোচ
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেই মোহাম্মদ মিঠুন। অথচ তাকে দলে না নিলেও সফরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের এহেন কর্মকান্ডে রীতিমতো ক্ষুব্ধ কোচ সালাউদ্দিন।
মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার কথা ছিল মিঠুনের। অথচ লিগ শুরুর আগেই জাতীয় দলের বাইরে থাকা মিঠুনকে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ে যায় বিসিবি।
ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন— আমরা যদি আগেই জানতাম ওদেরকে ছাড়তে হবে তাহলে সেভাবে দল সাজাতাম। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুজন ক্রিকেটার (মিঠুন ও রেজাউর হমান) কে নিয়ে গেছে, যারা আফ্রিকা সফরে ওয়ানডে ও টেস্ট দলে নেই। এমনিতেই আমাদের ছয় জন ক্রিকেটার নেই। তার মধ্যে আরও দুইজন চলে গেলে আমাদের দল দাঁড় করানোই কঠিন।
দেশের এই জনপ্রিয় কোচ আরও বলেন— মিঠুন-রেজাউররা যদি দক্ষিণ আফ্রিকায় খেলতে যেত, তাহলে ব্যাপারটি ঠিক ছিল। তারা স্কোয়াডে নেই, শুধু অনুশীলন করতে যাবে। অন্য দলের ক্রিকেটাররাও ছিল, তাদের নেওয়া হয়নি। শুধু প্রাইম ব্যাংকের দুজনকে নেওয়া হলো। ব্যাপারটি আমার খুব বেশি ভালো লাগেনি।
তিনি আরও বলেন— মিঠুন গত ৬-৭ মাসে জাতীয় দলের স্কোয়াডে ছিল না। হঠাৎ করেই ওকে দলের সঙ্গে সফরে নেওয়া হলো। আমাদের মোট ৮ জনকে নিয়ে গেছে বোর্ড। এই ৮জনকে ছাড়া আমার দল সাজানো কঠিন।




