এশিয়া কাপ আর্চারিতে জয়ে শুরু রোমান-হাকিমের
স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের রোমান সানা ও হাকিম আহমেদ। থাইল্যান্ডের ফুকেটে শুরু হওয়া টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককের প্রথম রাউন্ডে রোমান ৬-৪ সেট পয়েন্টে ফিলিপাইনের গির্ভিন গার্সিয়া এবং হাকিম আহমেদ ৬-০ সেট পয়েন্টে থাইল্যান্ডের ফনথাকর্ন চাইস্লিপকে হারিয়েছেন।
রোমান ও হাকিম জিতলেও হতাশ করেছেন বাংলাদেশের বাকি তিন আর্চার। হংকংয়ের আর্চার কিত চুন ওয়ানের কাছে টাইব্রেকারে ৫-৬ সেট পয়েন্টে হেরেছেন রামকৃষ্ণ সাহা। টাইব্রেকারে একটি করে তির ছুড়ে রামকৃষ্ণ পান ৬ পয়েন্ট, কিতের পয়েন্ট ১০।
বাংলাদেশের আরেক আর্চার সাগর ইসলামও টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিষেকটা মোটেও মনে রাখার মতো হয়নি সাগরের।
প্রথম রাউন্ডে থাইল্যান্ডের উইথায়া থামং ৬-৫ সেট পয়েন্টে হারিয়েছেন সাগরকে। টাইব্রেকারে সাগর পেয়েছেন ৮ পয়েন্ট, উইথায়ার পয়েন্ট ৯।দ্বিতীয় রাউন্ডে রোমানের প্রতিপক্ষ ইরানের রেজা শাবানি, হাকিমের প্রতিপক্ষ কাজাখস্তানের সানজার মুসায়েভ।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন কম্পাউন্ড ইভেন্টের মেয়েরা। প্রথম রাউন্ডে রোকসানা আক্তার ১৪২–১৪০ পয়েন্টে সিঙ্গাপুরের লি অংকে এবং শ্যামলী রায় ১৪০-১৩৮ পয়েন্টে হারিয়েছেন মালয়েশিয়ার কায়ালভিলিকে। দ্বিতীয় রাউন্ডে রোকসানার প্রতিপক্ষ ইরানের গিসা বিবরদি, শ্যামলী খেলবেন কাজাখস্তানের ভিক্টোরিয়া লিয়ানের বিপক্ষে।
আজ সকালে হওয়া কোয়ালিফিকেশন রাউন্ডে অবশ্য মোটেও ভালো স্কোর করতে পারেননি বাংলাদেশের আর্চাররা। গত নভেম্বরে ঢাকায় হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের স্কোরও তুলতে পারেননি রোমান সানা, হাকিম আহমেদরা।
ছেলেদের রিকার্ভ এককে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে রোমান করেছিলেন ৬৬৫, আজ থাইল্যান্ডে করেছেন ৬৫৩। হাকিমের স্কোর ছিল ঢাকায় ৬৬৬, থাইল্যান্ডে এবার করেছেন স্কোর ৬৩৬। আর রামকৃষ্ণের ঢাকার স্কোর ৬৬৫, আজ করেছেন ৬৪৩।




