রেফারিকে ‘দ্বাদশ খেলোয়াড়’ বলার খেসারত
স্পোর্টস রিপোর্টার

চেলসির নীল–দুর্গে দারুণ লড়াই করেছিল নিউক্যাসল ইউনাইটেড। তাদের সেই লড়াইটা বৃথা যায় ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৮৮ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছিল ‘ম্যাগপাই’রা। ৮৯ মিনিটে নিউক্যাসলের রক্ষণ ভেঙে বল জালে জড়ান চেলসির কাই হাভার্টজ। এভাবে শেষে মুহূর্তের গোলে হেরে যাওয়া মেনে নিতে পারেনি নিউক্যাসল। দলটির মিডফিল্ডার আইজ্যাক হেইডেন হারের দায় চাপিয়েছিলেন রেফারির ওপর।
চেলসির বিপক্ষে ম্যাচটা হেইডেন খেলেননি। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সতীর্থদের লড়াই টেলিভিশনের পর্দায় দেখেছেন। এমন লড়াই করেও নিউক্যাসলের হারের পর টুইট করেন হেইডেন— ‘১২ জনের বিপক্ষে ছেলেরা খুব ভালো খেলেছে।’ ইংলিশ মিডফিল্ডারের টুইটে ১২তম খেলোয়াড় যে রেফারিকে উদ্দেশ করেই বলা হয়েছে, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
সেই ম্যাচের রেফারি ডেভিড কুটকে নিয়ে এমন মন্তব্য করার খেসারত দিতে হচ্ছে হেইডেনকে। এফএ এক বিবৃতিতে বলেছে— রেফারিকে নিয়ে করা এই মন্তব্যের জন্য হেইডেনকে শাস্তি পেতে হবে। হেইডেনকে কেন শাস্তি দেওয়া হবে, সেই ব্যাখ্যা বিবৃতিতে দেওয়া হয়— ‘এই মিডফিল্ডারের বিরুদ্ধে ম্যাচ অফিশিয়ালদের সততা নিয়ে ভুল প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত আক্রমণ ও খেলাটির সুনাম নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।’
হেইডেনের অবশ্য রেফারির বিরুদ্ধে অভিযোগ করার যথেষ্ট কারণ আছে। ম্যাচে ডেভিড কুটের কয়েকটি সিদ্ধান্ত বিতর্কিতই ছিল। বিশেষ করে চেলসির জয়সূচক গোল করা হাভার্টজের নিউক্যাসলের বিপক্ষে কনুই মারা নিয়ে তিনি যে সিদ্ধান্তটি নিয়েছেন, সেটির বেশ সমালোচনাই হয়েছিল। অনেকের মতে ওই ঘটনায় হাভার্টজের লাল কার্ড দেখার কথা। কিন্তু রেফারি তাঁকে শুধু একটি হলুদ কার্ডই দেখিয়েছেন। এ ছাড়া নিউক্যাসলের খেলোয়াড়দের জোরালো একটা পেনাল্টির দাবি নাকচ করে দিয়েছেন কুট।




