পুরস্কারের তালিকায় নেই মেসি-নেইমার-পচেত্তিনো
স্পোর্টস রিপোর্টার

পিএসজিকে রেকর্ড ১০ বার শিরোপা জেতাতে ভূমিকা রাখার পরও লিগ ওয়ানের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারের মনোনয়ন তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি ও নেইমার। একইসঙ্গে দলকে চ্যাম্পিয়ন করেও সেরা কোচের মনোনয়ন পাননি মাউরিসিও পচেত্তিনো।
বুধবার ২০২১-২২ মৌসুমের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি)।
খেলোয়াড়দের মনোনয়ন তালিকায় আছেন— পিএসজি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে, মোনাকোর উইসাম বেন ইয়েদার, মার্সেইয়ের দিমিত্রি পায়েত, লায়নের লুকাস পাকুয়েতা ও স্টেড রেনের মার্টিন টেরিয়ার।
বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর নিজের সেরা ছন্দে নেই মেসি। এবারের মৌসুমে ২৩ ম্যাচে ১৩ অ্যাসিস্টসহ করেছেন কেবল ৪ গোল। ইনজুরি জর্জরিত নেইমার পেয়েছেন ১১ গোলের দেখা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়ার পর থেকেই চাপের মুখে পিএসজি কোচ পচেত্তিনো। গত মাসের শেষ দিকে তাকে বরখাস্ত করার খবর বেরিয়েছিল।
পরে অবশ্য কাইলিয়ান এমবাপের সঙ্গে পিএসজিতে নিজের থেকে যাওয়ার বিষয়ে পচেত্তিনো বলেছিলেন— ‘আমি শতভাগ থাকছি এবং কাইলিয়ান এমবাপের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আজকে আমার এইরকমই লাগছে। আজকে আমি সেটাই বলতে পারি। আর কিছু বলতে পারব না। এই মুহূর্তে আমার কাছে তাই লাগছে।’




