নিউক্যাসেলকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা জয়ের পথে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক

২৪ ঘণ্টার ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান দখল করলো ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে দ্বিতীয় অবস্থানে থাকা লিভারপুল থেকে তিন পয়েন্টে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। রবিবার ইত্তিহাদে নিউক্যাসেল ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন লাপোর্তে, রদরি ও ফিল ফোডেন।
৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি। বাকি থাকা তিন ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত করবে সিটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।
ঘরের মাঠে গোটা ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে সিটিজেনরা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গার্দিওলার শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ার আরও বিধ্বংসী ডি ব্রুইনেরা। দ্বিতীয়ার্ধে নিউক্যাসেলকে কোনোরকম সুযোগ না দিয়ে চার গোল করে বড় জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
১৯ মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। গুনদোগানের দারুণ ক্রসে দুরের পোস্ট থেকে হোয়াও ক্যানসেলোর বাড়ানো বল হেডে জাল খুঁজে নেন রাহিম স্টার্লিং। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ায় সিটি। গোল করেন আইমেরিক লাপোর্তে। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ম্যানসিটি। ৬১ মিনিটে রদরি, ৯০ মিনিটে ফিল ফোডেন এবং যোগ করা তিন মিনিটে জোড়া গোল পূরণ করেন স্টার্লিং।




